

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিনি কুমিল্লা আদালতে হাজির হন। সেখানে আইনজীবীদের মাধ্যমে তিনি অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা উপস্থাপন করেন এবং এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসসুম তাকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের হুমকি দিয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। বিষয়টি তদন্তাধীন এবং এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিচারিক কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে—এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, বিচারিক কমিটির তলবে তিনি হাজির হয়ে ভাইরাল ভিডিও সম্পর্কে নিজের বক্তব্য দিয়েছেন। তিনি জানান, দল থেকে বহিষ্কৃত হলেও তিনি বিএনপির পক্ষেই কাজ চালিয়ে যাবেন এবং নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করবেন।
উল্লেখ্য, তিনি কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগে তার প্রার্থিতা আদালতে চ্যালেঞ্জ হয় এবং পরে আদালতের আদেশে তা বাতিল করা হয়।



