

অনলাইন নিউজ ডেস্ক
নাহিদ ইসলাম বলেছেন, কারচুপি, ভয়ভীতি ও ফলাফল পরিবর্তনের রাজনীতি জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, বাড্ডা আদর্শনগর বিদ্যা নিকেতন কেন্দ্রে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বরকতের প্রবেশ ঘিরে প্রশ্ন উঠেছে। ভোটের দিন বিভিন্ন গণমাধ্যমের লাইভ সম্প্রচারে দেখা যায়, অন্য দলের পোলিং এজেন্টদের আসনে বসা কয়েকজন ব্যক্তি বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম-এর নাম বলছেন।
নাহিদ ইসলামের দাবি, শুরু থেকেই তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু ফলাফলের চূড়ান্ত কাগজে সেই ব্যবধান অস্বাভাবিকভাবে কমে যায়, যা জনমনে সন্দেহ তৈরি করেছে। অভিযোগ রয়েছে, ভোর পাঁচটা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে ফলাফল বদলের চেষ্টা হয়েছে। এছাড়া, বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠে এসেছে। বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ফল ঘোষণা ঘিরেও উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দৃশ্যমান অনিয়ম ও কারচুপি করেও তাকে দমানো যায়নি। জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তার জবাব জনগণই দেবে বলেও মন্তব্য করেন তিনি।



