রাজনীতি

আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা ও হট্টগোল হয়েছে। তার বক্তব্য সংসদের কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পরপরই প্রতিবাদে সরব হয়ে ওঠেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘এটা তো আওয়ামী লীগের আমল না। আপনারা তো ইচ্ছেমতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন।’ এরপর তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শেষ করার পর বিরোধীদলীয় নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখলে স্পিকার বলেন, ‘পরমতসহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে।’ তিনি আরও বলেন, স্পিকারের বক্তব্যের সময় বিরোধী সদস্যদের এমন রোষ দেখানো সংসদীয় আচরণের পরিপন্থি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তিনি বলেন, তার শব্দচয়ন নিয়ে বিরোধী দলের আপত্তির জবাব তিনি দিতে পারবেন। তিনি বলেন, ‘আপনারা সারাদিন দাঁড়িয়ে থাকতে পারলে আমিও পারবো। যদি কথা বলতে না দেন তাহলে কীসের বাক্‌স্বাধীনতা।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিরোধী দলের কোন সংসদ সদস্যের মামলায় আসামি গ্রেপ্তার হয়নি—এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। শুধু সাধারণভাবে অভিযোগ করলে তার প্রতিকার করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন স্পিকার।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশন শুরুর পর থেকেই বিরোধী দলের সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়ে আসছেন। তিনি বলেন, ‘উনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘শিক্ষকতা করতে চাইলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন। ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, উনার লেকচার শুনবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, একই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দুইবার বিরোধী দলকে আক্রমণ করেছেন। তার ভাষায়, এটি ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’, যা সংসদে হওয়া উচিত নয়।

তিনি বলেন, সংসদের সৌন্দর্য ও কার্যপ্রণালির স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখপ্রকাশ করতে হবে এবং তার বক্তব্য সংসদের কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে। অন্যথায় বিরোধী দলের সদস্যরা অপমান নিয়ে সংসদে বসবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button