রাজনীতি

বিরোধী দলের আন্দোলন উন্নয়ন বাধাগ্রস্ত করছে: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বাংলাদেশ যদি আন্দোলন-সংগ্রামের মধ্যে থাকে, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘বিরোধী দল লং মার্চ করেছে, আবার আন্দোলনের কথা বলছে। বাংলাদেশ যদি আন্দোলনের ওপর থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।’

তিনি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনে অংশ নেওয়া আরেকটি পক্ষ বর্তমানে বিরোধী দলে রয়েছে। তবে সরকার শপথ নেওয়ার দিন তারা উপস্থিত হয়নি এবং সরকারকে সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা আন্দোলনের কথা বলে আসছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি, তেমনি দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের দায়িত্ব সেই অর্জনকে সুরক্ষিত করা এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা। এ কাজে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।’

বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে দুর্বল ও জিম্মি করতে চাইছে দাবি করে এ্যানি বলেন, তারা মনে করছে আন্দোলনের কারণে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে পড়বেন। এরপর সাধারণ মানুষকে প্রভাবিত করে ক্ষমতায় আসার সুযোগ তৈরি হবে। তবে সেই সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

উন্নয়নের প্রসঙ্গে এ্যানি বলেন, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর দেশ পরিচালিত হলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো দেশের উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button