জাতীয়

‘জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুইটা বিপরীতমুখী’

অনলাইন নিউজ ডেস্ক

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বিভিন্ন দাবি জানানো হলেও সনদ বাস্তবায়নে সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে সংসদে জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এ কারণে রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছিল। পরে বিরোধী দলের উপনেতা কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

এরপর ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার নির্বাচনের আগে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, আমরা এখন থেকেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করি। আপনি ডেপুটি স্পিকারের একজনের নাম দিন। বর্তমান সংবিধান অনুযায়ী স্পিকার একজন, ডেপুটি স্পিকার একজন। সেই ডেপুটি স্পিকার আমরা বিরোধী দলকেই অফার করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকার অপেক্ষা করেনি। তবে সে সময় বিরোধী দল ডেপুটি স্পিকারের পদ নিতে রাজি হয়নি।

তিনি বলেন, ‘তখন আমরা ভাবলাম, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে, অর্থাৎ সংবিধান সংশোধিত হলে সেই অনুযায়ী আমরা যাব। সংবিধান সংশোধনের আগেই আমরা আমাদের উদারতা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগ্রহের কথা জানিয়েছি।’

সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রুলস ২২৬-এর অধীনে আমরা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছি। পাঁচজন সদস্যের জায়গা বিরোধী দলের জন্য রাখা হয়েছে।’

সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদেরও কমিটিতে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিরোধী দল নীতিগতভাবে কমিটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তাদের নীতিগত সিদ্ধান্ত হতেই পারে। কিন্তু সংবিধান সংশোধন না হলে জুলাই জাতীয় সনদও বাস্তবায়িত হবে না। আমরা কাজ শুরু করেছি, কমিটি গঠিত হয়েছে।’

তিনি জানান, তাঁর সভাপতিত্বে কমিটির একটি বৈঠক ইতোমধ্যে হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত নিয়ে কমিটি প্রতিবেদন তৈরি করবে।

এ প্রক্রিয়ায় সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সম্পাদক ও সাংবাদিকদের পাশাপাশি জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গেও আলোচনা করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এভাবে আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলব। তাদের মতামতের ভিত্তিতে আমরা রিপোর্ট প্রণয়ন করব।’

পরে আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ, সরকারের নির্বাচনী ইশতেহার, জনপ্রত্যাশা এবং বিভিন্ন পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে একটি সমৃদ্ধ সংবিধান সংশোধনী বিল আনা হবে।

বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের রিপোর্ট ও বক্তব্য সেই রিপোর্টে থাকবে। আপনাদের বক্তব্য জাতি জানবে।’

তিনি আরও বলেন, বিরোধী দল বিভিন্ন বিষয়ে দ্বিমত বা ভিন্নমত পোষণ করতে পারে, আবার কিছু প্রস্তাবে একমতও হতে পারে। তাদের নতুন কোনো প্রস্তাব থাকলে তা বিবেচনায় নেওয়ারও আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়টিও জুলাই জাতীয় সনদের সঙ্গে যুক্ত। সনদে সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে তা বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সকল দাবি মানতে হবে, তারপরও আমরা আপনাদের এই সংবিধান সংশোধনী কমিটিতে আসব না—এটা সহযোগিতা হলো না। আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন।’

সবশেষে তিনি বলেন, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button