স্বতন্ত্র আপার প্রতীক হাঁস যদি নৌকা খুঁজতে থাকে তাহলে হাঁস তো খেয়ে ফেলবো বুঝেশুনে আগাইতে হবে


অনলাইন নিউজ ডেস্ক
আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ওকালতি বা সাফাই গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইঙ্গিত করে ‘হাঁস খেয়ে ফেলার’ হুঁশিয়ারিও দেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা।
রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে সারোয়ার তুষার বলেন, ‘এখানে নৌকাডুবি হয়ে গেছে। নৌকাডুবির পর হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে হাঁসকে বাংলাদেশের জনগণ কি আস্ত রাখবে? ব্রাহ্মণবাড়িয়ার জনগণ কি হাঁস আস্ত রাখবে? হাঁস কিন্তু জনগণ খেয়ে ফেলবে। কাজেই সাধু সাবধান।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি আমরা শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না কেন? বিচার চান না, কিন্তু বলেন আওয়ামী লীগকে আসতেই হবে।’
এনসিপির এই নেতা বলেন, একটি নির্বাচন জিতে কেউ যা খুশি করার লাইসেন্স পেয়ে গেছেন—বিষয়টি এমন নয়। রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে আমরা ভালোবাসি, পছন্দ করি। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। দয়া করে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে আসবেন না। হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে হাঁসতো খেয়ে ফেলব আমরা।’
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যরা।



