

অনলাইন নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে প্রার্থী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৩০ আগস্ট) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।
দেলাওয়ার হোসেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিও।
সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম নির্বাচন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ কারণে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
তিনি বলেন, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জোটের মনোনীত প্রার্থী করা হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারলে দেলাওয়ার হোসেন জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ওই নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।



