

অনলাইন নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এই বিজয় গণতান্ত্রিক উত্তরণের ধারায় জনগণের সুস্পষ্ট রায়কে প্রতিফলিত করেছে। এটি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে। এ প্রসঙ্গে তিনি তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আদর্শ ও নেতৃত্বের কথাও স্মরণ করেন।
বার্তায় আরও বলা হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। এসব ক্ষেত্রে কার্যকর নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্যও তিনি কৃতজ্ঞতা জানান। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি।
সবশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।



