

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তিনি তাঁর বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। একই সঙ্গে তিনি মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য থাকলে তাঁদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের দিন অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আমি একটি কথা বলতে চাই। আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। অনেক চিন্তা-ভাবনা করে মনে হয়েছে, বিষয়টি আপনাদের জানানো উচিত।’
মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রতি মাসে তাঁর বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন, যাতে তা গরিব-দুঃখী মানুষের কল্যাণে বা রাষ্ট্রের প্রয়োজনীয় কাজে ব্যয় করা যায়। আমিও বর্তমানে বেতন নিচ্ছি। আমার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দিই। বেতন অ্যাকাউন্টে আসার পর আমি সেই অর্থ তুলে সরকারের হিসাবে চেকের মাধ্যমে জমা করি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যা করছি, সেটিই আপনাদেরও অনুরোধ করছি। যদি কারও পক্ষে সম্ভব হয় এবং কেউ মনে কিছু না নেন, তাহলে আপনারাও প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতে পারেন।’
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই আহ্বানে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন। তাঁর ভাষায়, ‘আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। আমরা খুশি হয়েছি যে তিনি আমাদের কাছে এভাবে বিষয়টি তুলে ধরেছেন।’



