রাজনীতি

যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তাই দেশে কোনো ধরনের বিভাজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে যেতে চায় বা অন্যদের ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশের মূল আদর্শকে ধারণ করে না।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের অন্যতম বড় দুর্বলতা হলো এখনো একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অতীতের সংকট কাটিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ধর্মকে ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সামনে দেশের জন্য নানা চ্যালেঞ্জ রয়েছে। জুলাই আন্দোলনকে খাটো করে দেখার সুযোগ নেই। একই সঙ্গে ধর্মের অপব্যবহার করে যারা সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্য রক্ষার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমান অধিকার প্রতিষ্ঠা করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button