রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর

অনলাইন নিউজ ডেস্ক

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক কর্মকৌশল নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে তা শেষ হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, স্থানীয় সরকার নির্বাচন এবং সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে দলীয় প্রার্থী মনোনয়ন ছিল আলোচনার প্রধান বিষয়।

দীর্ঘ আলোচনা শেষে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে স্থায়ী কমিটি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সেলিমা রহমান।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যানের কাছে অর্পণ করেছে স্থায়ী কমিটি।

স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলের চেয়ারম্যানই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম চূড়ান্ত করবেন।

তিনি আরও বলেন, যদি যাচাই-বাছাই শেষে একমাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

বৈঠকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সম্ভাব্য বাংলাদেশ সফর ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

দলীয় সূত্রের মতে, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরই বিএনপি তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button