

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থানের সঙ্গে একাত্মতা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সংস্থার সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, আনুষ্ঠানিক আলোচনার আগে বিসিসিআই এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ সোমবার (২ জানুয়ারি) রাজীব শুক্লা বলেন, “আইসিসি ইতিমধ্যেই একটি বড় বিবৃতি দিয়েছে, যেখানে খেলোয়াড়সুলভ আচরণের ওপর জোর দেওয়া হয়েছে। আমরা আইসিসির সঙ্গে পুরোপুরি একমত। আইসিসির সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত বিসিসিআই কোনো মন্তব্য করবে না।”
গতকাল পাকিস্তান সরকার ঘোষণা দেয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে তারা খেলবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তাদের দল ‘মাঠে নামবে না’। তবে এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তান অংশগ্রহণ করবে।



