

পাকিস্তানের রাজধানী করাচির একটি বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। হতাহতদের মধ্যে শিশু ও নারীরাও আছেন এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে করাচির সোলজারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান Agence France-Presse-কে বলেন, ‘ভোর চারটার দিকে তিনতলা ভবনটিতে বসবাসকারী লোকজন যখন সেহরির আয়োজন করছিলেন, সে সময়ই বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কায় ভবনটি ধসে পড়ে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।’
এদিকে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী Murad Ali Shah এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।
এর আগে গত জুলাই মাসে করাচির উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। সে ঘটনায় ২৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছিলেন।



