জাতীয়

মেয়েদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের মেয়েদের জন্য অনার্স (ডিগ্রি) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিল। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে বর্তমান সরকার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও জানান, নারীশিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এছাড়া অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পাশাপাশি যেসব ছাত্রী ভালো ফলাফল করবে, তাদের জন্য বৃত্তি (স্কলারশিপ) চালুরও পরিকল্পনা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী সংসদ ভবনের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে এসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button