

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি। তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মতপার্থক্য, বিতর্ক কিংবা হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। তাই অতিরিক্ত প্রত্যাশা না করে বাস্তবতা বিবেচনায় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘মননে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের আরব বসন্ত-পরবর্তী সময়ের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলনের পর গৃহযুদ্ধ শুরু হলেও বাংলাদেশে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনও হঠাৎ ঘটেনি। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দল, গুম হওয়া ব্যক্তিদের স্বজন, মানবাধিকারকর্মী এবং সাধারণ মানুষের ধারাবাহিক আন্দোলন ও প্রতিরোধের ফলেই এ পরিবর্তন সম্ভব হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, বছরের পর বছর মামলা, কারাবাস, গুম, নির্যাতন, সম্পত্তি দখল এবং জীবিকা হারানোর মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়েও অসংখ্য মানুষ আন্দোলন চালিয়ে গেছেন। তাদের আত্মত্যাগ ও প্রতিরোধই স্বৈরশাসনকে দুর্বল করেছে এবং জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক মত ও অবস্থান সামনে এলেও আন্দোলনের অভিন্ন দাবি ছিল স্বৈরশাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা।
ডা. জাহেদ উর রহমানের মতে, এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো জুলাইয়ের চেতনাকে ধারণ করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটবে না।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।



