

অনলাইন নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই নির্বাচন ছিল তাঁর ভাষায়—“হাসনাত আবদুল্লাহ বনাম বিএনপি, আওয়ামী লীগ, ভারত, লুটেরা ব্যবসায়ী, চাঁদাবাজ, মাদক সম্রাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই।” তিনি দাবি করেন, শেষ পর্যন্ত জনগণের সমর্থনই বিজয় নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, “আমরা জয় পেয়েছি। এখন লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা করা—প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গেও ন্যায়বিচার নিশ্চিত করা। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বেসরকারি ফল অনুযায়ী, ১১৬টি কেন্দ্রের সবকটিতেই তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে ছিলেন।
শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পান ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পান ২৬ হাজার ভোট।



