

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে ট্রাম্পের একটি রক্তাক্ত ছবি দেখানো হয়েছে এবং সঙ্গে লেখা হয়েছে, “এবার লক্ষ্যভ্রষ্ট হবে না।”
বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির তথ্যের ভিত্তিতে নিউইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও প্রকাশ্য হুমকি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং কঠোর দমন-পীড়নের সমালোচনা করে আসছে। এ কারণে ট্রাম্প ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
হুমকির সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার শহরে ২০২৪ সালের একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর চালানো হামলার ছবি প্রকাশ করা হয়েছে। ওই ঘটনার সময় বন্দুকধারী থমাস ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালালে তার কানে আঘাত লেগেছিল।

এর আগেও ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। ২০২২ সালে ইরানি শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত একটি ভিডিওতে ট্রাম্পের মার-এ-লাগো গলফ কোর্সে হত্যাচেষ্টার দৃশ্য দেখানো হয়েছিল। পরে সেই একই গলফ কোর্সে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা অভিযোগে রায়ান রাউথ নামে একজনকে গ্রেপ্তার করলে ভিডিওটি আবারও আলোচনায় আসে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালে ইরানের নেতৃত্বাধীন একটি ষড়যন্ত্রে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করা হয়। এ ঘটনায় ফারহাদ শাকেরি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাকে ট্রাম্পকে হত্যার দায়িত্ব দিয়েছিল।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সরকারপন্থি সমাবেশগুলোতে অংশগ্রহণকারীরা ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দিতে শোনা গেছে। এছাড়া তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে।



