জাতীয়

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলে বাংলাদেশও উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে এক মাসের মধ্যে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপ-প্রেস সচিব জানান, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক ল্যাবরেটরি ও সরঞ্জাম সরবরাহ, প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোর দাবি জানান।

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক লেক আবর্জনায় ভরে যাচ্ছে এবং দুঃখজনকভাবে এসব আবর্জনা অনেক সময় শিক্ষিত মানুষই ফেলছেন। তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগে নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেও দেশকে বদলে দেওয়া সম্ভব। তাই সবাইকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button